Sunday, 1 January 2012

ইনশাল্লাহ বলায় জিএমজি’র এয়ার হোস্টেসকে ক্ষমা চাইতে হলো













কাদের গনি চৌধুরী
বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্সে ‘ইনশাল্লাহ’ ও ভ্রমণের দোয়া নিষিদ্ধ করা হয়েছে। শুধু তা-ই নয়, ‘ইনশাল্লাহ’ বলায় সিনিয়র এক এয়ার হোস্টেসের চাকরি যায় যায় অবস্থা। ওই এয়ার হোস্টেসকে এর জন্য শোকজ করা হয়েছে। লিখিতভাবে ক্ষমা চেয়ে তিনি চাকরিচ্যুতি থেকে আপাতত রক্ষা পেয়েছেন। অন্যদেরও চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন জিএমজির ভারতীয় কর্মকর্তা এওয়ার্ড একলেসটন। এদিকে ‘ইনশাল্লাহ’ ও ভ্রমণের দোয়া নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশী যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
জিএমজি এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জিএমজির সব ফ্লাইটে ‘ইনশাল্লাহ’ এবং ভ্রমণের দোয়া ‘বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রাহিম’ পাঠ নিষিদ্ধ করা হয়। এর আগে অন্যান্য এয়ারলাইন্সের মতো জিএমজির ফ্লাইট যাত্রা শুরু এবং ল্যান্ড করার আগে ভ্রমণের দোয়া ও ‘ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করছি’ এসব ঘোষণা থাকত। কিন্তু একচেটিয়া ভারতীয় কর্মকর্তা নিয়োগের পর আল্লাহর নামে যাত্রা শুরু করার ঘোষণা নিষিদ্ধ করার মতো ধৃষ্টতা দেখালো জিএমজি। ফলে শুধু যাত্রীই নয়, তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জিএমজির বাংলাদেশী অফিসারদের মধ্যেও।
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ নভেম্বর দুবাই থেকে জিএমজির একটি ফ্লাইট ঢাকায় আসছিল। ওই ফ্লাইটের ঘোষণার দায়িত্বে ছিলেন পার্সার সাবেরা ফেরদৌসী। বরাবরের মতো তিনি ওইদিনও ঘোষণা করেন ‘ইনশাল্লাহ’ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করব। ওই ফ্লাইটে ছিলেন জিএমজির সিনিয়র জেনারেল ম্যানেজার ভারতীয় নাগরিক এওয়ার্ড একলেসটন। এ ঘোষণা শোনার পর প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। ঢাকায় ফিরে ১ ডিসেম্বর তিনি শোকজ করেন পার্সার সাবেরা ফেরদৌসীকে। শোকজ লেটারে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মারুফা মাহফুজ আপনাকে আপডেট ঘোষণা ব্রিফ করার পরও আপনি আগের ঘোষণা পাঠ করেছেন। এতে আপনার উদাসীনতার প্রমাণ মেলে যা শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধ।
অবশ্য চিঠিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অতীতের ভালো পারফরম্যান্সের জন্য সতর্ক করে দেয়া হয়। ১৮ ডিসেম্বর শোকজের জবাব দেন সাবেরা ফেরদৌসী। জবাবে তিনি তার ঘোষণায় আগের মতো ইনশাল্লাহ বলায় আন্তরিকভাবে ক্ষমা চান। তিনি এ ধরনের ভুল আর করবেন না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
শুধু সাবেরা ফেরদৌসীই নন, আরও বেশ ক’জন এয়ার হোস্টেসকে ইনশাল্লাহ বলায় জিএমজি কর্তৃপক্ষের বকুনি খেতে হয়েছে। জিএমজির ট্রেনিং ইনস্ট্রাকটর ফারহানা জুলি ঘোষণায় যেন ‘ইনশাল্লাহ’ ও ভ্রমণের দোয়া পাঠ করা না হয়, সেজন্য সব কেবিন ক্রুকে মেসেজ পাঠিয়েছেন।
এ ব্যাপারে ট্রেনিং ইনস্ট্রাকটর ফারহানা জুলির কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু কলকাতার ফ্লাইটের ক্ষেত্রে এ নিয়ম করা হয়েছে, অন্য ফ্লাইটে ঠিক আছে। কলকাতা যেতে অল্প সময় লাগে, তাই এত বড় ঘোষণা দিলে অনেকে বিরক্ত হন। তাহলে দুবাই থেকে আসা ফ্লাইটে ‘ইনশাল্লাহ’ ও ভ্রমণের দোয়া পাঠ করায় কেন শোকজ করা হলো জানতে চাইলে তিনি বলেন, এটি ঠিক নয়। সাবেরা ফেরদৌসী গতকালও ফ্লাই করেছেন। আপনার কথা শুনে আমি আশ্চর্য হচ্ছি।
জিএমজির সিনিয়র জেনারেল ম্যানেজার এওয়ার্ড একলেসটন এবং পার্সার সাবেরা ফেরদৌসীর বক্তব্য জানার জন্য ফোন করে তাদের পাওয়া যায়নি।
বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স লিমিটেডের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছে ভারতীয়রা। ফলে বাংলাদেশী দক্ষ কর্মকর্তারা বেকার ও পদোন্নতিবঞ্চিত হচ্ছেন। জিএমজির একটি সূত্র জানায়, শীর্ষ ১৬ পদের মধ্যে ৯টি পদই ভারতীয়দের দখলে। বাকি দুটিতে আমেরিকান, একটিতে ব্রিটিশ, একটিতে শ্রীলঙ্কান, একটিতে ফিলিপিনো এবং দুটিতে বাংলাদেশী কর্মকর্তা রয়েছেন। এসব বিদেশি কর্মকর্তাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে জিএমজি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে। আর এভাবে দেশের অর্থ চলে যাচ্ছে বিদেশে।
জিএমজির প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন ভারতীয় নাগরিক সঞ্জীব কাপুর। এখানে দায়িত্বভার গ্রহণ করার আগে তিনি ব্যবস্থাপনা উপদেষ্টা প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানিতে কাজ করেছেন। এর আগে তিনি তেমাসেক হোল্ডিংসের (সিঙ্গাপুর) ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিওর ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্ট এয়ারলাইন্সে স্ট্র্যাটেজি, ফাইন্যান্স অ্যান্ড অপারেশন্সের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ডাইরেক্টর কমার্শিয়াল হিসেবে জিএমজি নিয়োগ করেছে ভারতীয় নাগরিক শিল্পা ভাটিয়াকে। কমার্শিয়াল বিষয়ে শিল্পার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে লোভনীয় বেতনে চাকরি দেয় জিএমজি। এছাড়া ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং হিসেবে ভারতীয় নাগরিক বারিন ঘোষ দাস্তিদার, ডাইরেক্টর গ্রাউন্ড সার্ভিস পদে শাইলেস শর্মা, সিনিয়র জেনারেল ম্যানেজার কেবিন সার্ভিস পদে এওয়ার্ড একলেসটন, সিনিয়র জেনারেল ম্যানেজার ক্যাটারিং পদে রাজিব ঘাই, সিনিয়র জেনারেল ম্যানেজার অপারেশন্স নাইডু, এজিএম অপারেশন্স বন্দনা, ডাইরেক্টর সেফটি পদে আরএল কাপুরকে নিয়োগ দিয়েছে জিএমজি। এদের মধ্যে সত্তরোর্ধ্ব আরএল কাপুর ভারতে চাকরি জীবন শেষে অবসর কাটাচ্ছিলেন। তাকে মোটা বেতনে চাকরি দেয় জিএমজি। এওয়ার্ড একলেসটনকে জিএমজি ৭ হাজার ডলার অর্থাত্ বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বেতন দিচ্ছেন। অথচ জিএমজিতে চাকরির আগে তিনি জেড এয়ারওয়েজের কলকাতা অফিসের রিক্রুটার ছিলেন। কেবিন সার্ভিসে পূর্বঅভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে সিনিয়র জেনারেল ম্যানেজার কেবিন সার্ভিস পদে নিয়োগ দেয় সংস্থাটি।
জিএমজির দ্বিতীয় প্রধান পদ চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্রিটিশ নাগরিক ডেভিডকে। ডাইরেক্টর ফ্লাইট অপারেটর (ডিএফও) পদে আমেরিকান নাগরিক জ্যাক একেল ও জেনারেল ম্যানেজার প্ল্যানিং পদে জেনিস, জেনারেল ম্যানেজার কোয়ালিটি পদে ফিলিপিনো ডার্ক এবং জিএম কার্গো পদে শ্রীলঙ্কান অরুণাকে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, বিদেশি কর্মকর্তারা একজোট হয়ে যে ক’জন বাংলাদেশী কর্মকর্তা রয়েছেন, তাদের কোণঠাসা করে রেখেছেন। তারা কর্তৃপক্ষকে সবসময় বাংলাদেশীদের বিরুদ্ধে ভুল বোঝান। সূত্র জানায়, বোয়িং ৭৬৭-এর জন্য ৮ জন বাংলাদেশী পাইলট সুইডেন থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন ৪ সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী এরপর তাদের বাংলাদেশ লাইনে প্রশিক্ষণ নিতে হয়। অথচ ডিএফও জ্যাক এই ট্রেনিং স্লো চালিয়ে তাদের কাজে যোগদান থেকে দূরে রাখছেন। সূত্র জানায়, বিদেশি পাইলটদের দিয়ে এয়ারক্রাফট চালানোর জন্য তিনি এমন চাতুরির আশ্রয় নিয়েছেন। এতে দেশের প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে। সূত্র জানায়, বাংলাদেশী একজন পাইলটকে যেখানে ৫ হাজার ডলার বেতন দেয়া হয়, সেখানে বিদেশি একজন পাইলটকে দিতে হয় ১৪ হাজার ডলার।
বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী বেক্সিমকোর মালিকানাধীন কোম্পানি জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের ৬ এপ্রিল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করলেও ২০০৪-এর ৬ এপ্রিল চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিমান আকাশে পদচারণা শুরু হয় জিএমজির। আটটি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ২৩৪টি ফ্লাইট পরিচালনা করছে জিএমজি এয়ারলাইন্স। জিএমজি আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, দুবাই, আবুধাবি, জেদ্দা ও রিয়াদ এবং অভ্যন্তরীণ রুটে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং যশোরে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। জিএমজি বর্তমানে তিনটি বোয়িং ৭৬৭ ও তিনটি ম্যাকডগলাস এয়ারক্রাফট আঞ্চলিক রুটে এবং তিনটি কানাডিয়ান বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ দিয়ে অভ্যন্তরীণ ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে কিছুদিন ধরে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে তারা।
সূত্র জানায়, বিদেশিদের মোটা অংকের বেতন দিতে গিয়ে এবং পরিকল্পনার অভাবে জিএমজির আর্থিক অবস্থান বর্তমানে ভালো নয়। ফ্লাইটের আকারও কমে গেছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দুবাই, আবুধাবি, রিয়াদ ও জেদ্দা রুটের ফ্লাইট।

জৈন্তাপুরে ফের উত্তেজনা ডিবির হাওরে মাছ ধরতে বিএসএফের বাধা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। বংলাদেশী মত্স্যজীবীরা ডিবির হাওরে মাছ ধরতে গেলে বিএসএফ বাধা দেয়ায় এ উত্তেজনা দেখা দেয়। দু’পক্ষের পতাকা বৈঠক হলে মাছ ধরা বন্ধ হয়ে যায়।
জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলার সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিজিবি-বিএসএফ’র মধ্যে নানামুখী বিরোধ ও সংর্ঘষ চলে আসছিল। ভারতীয়রা বাংলাদেশী সীমান্ত এলাকায় জোর করে ভূমি দখল, পাকা ধান কেটে নেয়া, বিলের মাছ ধরে নিয়ে যাওয়া, কৃষকের হালের গরু ধরে নিয়ে যাওয়া, কৃষক ও শ্রমিকদের ধরে নিয়ে হত্যা ও নির্যাতন করা, সবজিক্ষেত পুড়িয়ে ফেলাসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল ভারতীয় বিএসএফ ও খাসিয়ারা। এসব বিষয় নিয়ে সীমান্ত এলাকায় একাধিকবার উভয়দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাংলাদেশের শতাধিক লোক আহত হন। গত দুই বছরে শ্রমিক, কৃষকসহ প্রায় ৭ জন নিহত হন, আহত হন শতাধিক। এ নিয়ে সীমান্ত এলাকায় দলমত নির্বিশেষে সীমান্ত রক্ষার দাবিতে ও ভারতীয়দের নির্যাতন থেকে রক্ষা পেতে সীমান্তবাসী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে থাকে। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ১৫ অক্টোবর জাফলংয়ে এক সভায় বলেন, ডিবির হাওর সীমান্ত ভূমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এক ইঞ্চিও ভারতকে দেবে না। যারা বলছে সীমান্তের ভূমি ভারত নিয়ে গেছে আসলে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আন্দোলন করছে। তিনি আরও বলেন, ডিবির হাওরের ভূমি আমি জৈন্তাবাসীকে উপহার দিয়ে গেলাম। এ ঘোষণায় ডিবির হাওর সীমান্ত এলাকার মত্স্যজীবীরা আনন্দে উত্ফুল্ল হয়ে ২৪ ডিসেম্বর ১২৮৪নং পিলারের ৪শ’ গজ ভেতরে মাছ ধরতে গেলে বিএসএফ দলবল নিয়ে বাংলাদেশী মত্স্যজীবীদের তাড়িয়ে দেয়। সংবাদ শুনে ডিবির হাওর সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম ঘটনাস্থলে গেলে বিজিবি বিএসএফ’র মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।
গতকাল ১২৮৫নং পিলারের বিজিবি বিএসএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম, হাবিলদার আমানউল্লাহ। বিএসএফ’র পক্ষে মুক্তাপুর ক্যাম্প কমান্ডার রাম কিশান, হাবিলদার অতুল বর্মণসহ উভয়দেশের ১৫-২০ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
বৈঠক শেষে বিজিবি ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বৈঠক সফল হয়েছে বলেন। তবে তিনি বলেন, ভারতীয়রা ডিবির হাওর ক্যাম্পের সীমানা পর্যন্ত দাবি করে। তাদের দাবি প্রত্যাখ্যান করে তিনি বিরোধপূর্ণ বিলের ভূমি নিয়ে উচ্চপর্যায়ে সমাধানের কথা বলেন। সমাধান না হওয়া পর্যন্ত উভয়দেশের লোকজনকে বিলে মাছ ধরতে নিষেধ করেছেন।
এ বিষয়ে ডিবির হাওর এলাকার সুলেমান মিয়া, আবদুল মালেক, ইসমাইল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন সীমান্তে কোনো সমস্যা নেই। সুরঞ্জিত বাবু জাফলংয়ের সভায় ডিবির হাওরের বিল জৈন্তাবাসীকে উপহার দিয়ে গেছেন। তার উপহার পেয়ে আমরা খুশি হয়ে বিলে মাছ ধরতে যাই। কিন্তু বিএসএফ আমাদের বাধা দেয়। এ উপহার দিয়ে আমাদের কী লাভ হলো। বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
http://www.amardeshonline.com/pages/details/2011/12/27/124199

Monday, 19 December 2011

বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক | তারিখ: ১৭-১২-২০১১
কুড়িগ্রাম, মেহেরপুর ও দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ শনিবার ও গতকাল শুক্রবার চার বাংলাদেশি নিহত হয়েছেন।
কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল সীমান্তে বিএসএফের গুলিতে আজ শনিবার ভোরে আলমগীর ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বর হোসেন মুসা জানান, আলমগীর কৃষ্ণানন্দ বকশী গ্রামের কৃষক ইসমাইল হোসেনের ছেলে। তিন সহযোগীসহ গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়।
শিমুলবাড়ী বিজিবি বিওপির কমান্ডার সুবেদার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেরপুর: জেলার মেহেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল শুক্রবার রাতে নাহারুল হোসেন (৩৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের শাওড়াতলা গ্রামে।
নিহতের বাবা বিশারদ হোসেন জানান, গতকাল রাত আটটার দিকে নাহারুল সেচকাজ করতে জমিতে যান। এর কিছুক্ষণ পরই সীমান্তে গুলির শব্দ শুনে তিনি সেখানে যান। কিন্তু ততক্ষণে বিএসএফ লাশ ভারত সীমান্তের ভেতরে নিয়ে যায়।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
বিজিবির ৩২ ব্যাটালিয়ন কমান্ডার ও মিরপুর সেক্টর কমান্ডার লে. কর্নেল হামিদুন নবী চৌধুরী বলেন, শাওড়াতলা সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে বিএসএফ কেন এ ঘটনা ঘটাল, তা তদন্ত করা হচ্ছে। ঘটনা শুনে বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্তে গতকাল শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে বিকেলে চিঠি দিয়ে জানানো হবে কখন তাঁদের লাশ হস্তান্তর করা হবে।
নিহত দুজন হলেন, কাটলা সীমান্তের দাউদপুর গ্রামের মো. মতিয়ার রহমান (২০) এবং রণগ্রামের মো. তাইজুল ইসলাম (২৬)।
আজ শনিবার দুপুরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের আগ্রা ক্যাম্পের কমান্ডার রাকেশ কুমার বলেন, সীমান্তে বাংলাদেশের গরু ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা চালায়। এরপরে বিএসএফ তাঁদেরকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এতে দুই বাংলাদেশি নিহত হন।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাইগড় ক্যাম্পের কমান্ডার আবদুল কাদের বীর বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
http://www.eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2011-12-18

Wednesday, 23 November 2011

বেনাপোল সীমান্তে বিএসএফের পিটুনিতে ব্যবসায়ীর মৃত্যু : দৌলতপুরে কৃষককে অপহরণ

ডেস্ক রিপোর্ট

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ সদস্যরা। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তারা ধরে নিয়ে গেছে এক কৃষককে। বিস্তারিত আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর :
বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা : বেনাপোলের পুটখালী সীমান্তে বাতেন আহম্মেদ নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
পুটখালি বিজিবি ক্যাম্পের কমান্ডার আফজাল হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশী একদল ব্যবসায়ী ভারত থেকে গরু কিনে দেশে ফিরছিলেন। এ সময় ভারতের আংরাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা এ সময় পালিয়ে গেলেও বাতেনকে ধরে বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যা করে। পরে তারা তার লাশ নিয়ে যায়। নিহত বাতেন যশোরের শেখহাটি এলাকার খায়রুল বাসারের পুত্র। এ ঘটনায় উভয় সীমান্তে চরম আতঙ্ক বিরাজ করছে।
দৌলতপুর সীমান্তে কৃষক অপহরণ : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী কৃষককে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি সদস্যরা ওই কৃষককে ফেরত পেতে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
বিজিবি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দেরেশ মণ্ডলের ছেলে খবির উদ্দিন (৩১) বাংলাদেশ ভূ-খণ্ডে ঘাস কাটতে ছিল। এ সময় ভারতের মধুগাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তাকে ফেরত পেতে বিজিবি বিএসএফের সঙ্গে আলোচনায় বসে।
এ ব্যাপারে বকমারী ক্যাম্পের নায়েক সুবেদার আ. মালেক জানান, দু’দেশের অমীমাংসিত জমিতে ওই কৃষক ঘাস কাটছিলেন। খুব শিগগিরই এ ব্যাপারে সমঝোতা হবে বলে তিনি জানান। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার ছাড়া হত্যার দায়মুক্তিকে উত্সাহী করবে : বিএসএফের হত্যায় বিজিবির নিষ্ক্রিয়তা সার্বভৌমত্বকে হুমকিতে ঠেলে দিচ্ছে


স্টাফ রিপোর্টার
সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা, আহত করা ও অপহরণ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের নিষ্ক্রিয়তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার। গতকাল অধিকার অক্টোবর মাসের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে সীমান্ত হত্যা ও অপহরণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেছে।
অধিকারের প্রতিবেদনে জানানো হয়, অক্টোবর মাসে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৫ নাগরিক, ৮ জন নিহত হয়েছেন গণপিটুনির শিকার হয়ে। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। বিএসএফ আরও ৩ বাংলাদেশীকে আহত করেছে এবং ৬ বাংলাদেশীকে অপহরণ করে নিয়ে গেছে। অক্টোবর মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের আলোকে এ রিপোর্ট তৈরি করা হয়।
অধিকারের রিপোর্টে উল্লেখ করা হয়, অক্টোবর মাসে প্রকাশিত খবর অনুযায়ী ৪৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫ জনই হচ্ছে কন্যাশিশু। বাকি ১২ জন হলেন প্রাপ্তবয়স্কা নারী। ৩৫ কন্যাশিশুর মধ্যে আবার ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গণধর্ষণের শিকার হয়েছেন ১১ জন। ধর্ষণের কারণে আত্মগ্লানি সহ্য করতে না পেরে এক কন্যাশিশু আত্মহত্যা করেছে।
যদিও ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মানবাধিকার ও নারী সংগঠনগুলো দেশব্যাপী তোলপাড় করেছিল। এখন প্রতিনিয়ত ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটছে। কিন্তু নারী সংগঠনগুলো একেবারেই নীরব।
অধিকারের রিপোর্টে আরও বলা হয়েছে, গত মাসে সাতক্ষীরায় তাদের একজন নারী মানবাধিকার কর্মী বখাটেদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলাও হয়েছে। রিপোর্টে জানানো হয়, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তির সত্যায়িত অনুলিপি চেয়ে পেট্রোবাংলাকে বিশিষ্ট ৩ নাগরিকের চিঠির জবাব ২৯ দিনেও পাওয়া যায়নি। তথ্য অধিকার আইন অনুযায়ী বিশিষ্ট ৩ নাগরিক এ চিঠি দিয়েছিলেন। চিঠির জবাব না দেয়ায় অধিকার মানুষের তথ্য জানার অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় খুন করেছে। এদের মধ্যে একজন কৃষক, দুইজন নিরীহ সাধারণ মানুষ ও একজন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রয়েছেন। রিপোর্টে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি ২০১১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমি সবসময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। এটা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রাতারাতি বন্ধ করা সম্ভব নয়’ বক্তব্যটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দায়মুক্তিকেই উত্সাহিত করছে বলে অধিকার মনে করে। বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনায় অধিকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যদের নিষ্ক্রিয়তায় নিন্দা জ্ঞাপন করছে। অধিকার মনে করে, বিএসএফের এ ধরনের আগ্রাসী মনোভাব এবং বিজিবির সদস্যদের নিষ্ক্রিয়তা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নির্বাচনে রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন অনিয়ম বিষয়েও অধিকার উদ্বেগ প্রকাশ করেছে।

Monday, 31 October 2011

অধিকার-এর সরেজমিন প্রতিবেদন : রফিকুলকে পাথর ছুড়েই হত্যা করেছে বিএসএফ



স্টাফ রিপোর্টার
সীমান্ত হত্যা বন্ধে ভারত ও বাংলাদেশের মধ্যে যতই আলোচনা হচ্ছে, ততই বিএসএফ সদস্যরা বাংলাদেশীদের হত্যার কৌশল পরিবর্তন করছে। ভারত সরকার বাংলাদেশকে বারবার সীমান্তে নিরস্ত্র জনগণকে হত্যা না করার প্রতিশ্রুতি দিলেও তা মোটেও কার্যকর হচ্ছে না। বিএসএফ সদস্যরা এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমিয়ে হত্যার কৌশল পরিবর্তন করেছে বলে প্রতীয়মান হয়। কখনও কাঁটাতারের বেড়ায় বিদ্যুত্ সংযোগ করে, কখনও পাথর ছুড়ে নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা চলছেই।
মানবাধিকার সংস্থা অধিকার লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যার শিকার রফিকুলের ঘটনা সরেজমিন তদন্ত করে এ মন্তব্য করেছে। অধিকার সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদনে বলছে, বিএসএফ নিরস্ত্র বাংলাদেশী রফিকুলকে পাথর ছুড়েই হত্যা করেছে। প্রতিবেদনে অধিকার সীমান্তে মৃত্যুর বিষয়ে বাংলাদেশ সরকারকে সক্রিয় পদক্ষেপ নিয়ে ভারত সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে দাবি জানায়। নিহত রফিকুলের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার উফারমারা গ্রামে। তার স্ত্রীর নাম মোছাম্মত মিনি বেগম। রিয়াদ হোসেন (৮) ও রিফাত হোসেন (৬) নামে তার দুটি সন্তান রয়েছে। রফিকুল কৃষিকাজের পাশাপাশি বুড়িমারী জিরোপয়েন্টে লেবারের কাজ করতেন।
অধিকার সরেজমিনে গিয়ে নিহতের স্ত্রী মোছাম্মত মিনি বেগম (২৮), ভাই নজরুল ইসলাম (৪৫), চাচাতো ভাই আবেদার রহমান (৪৫), ৮নং বুড়িমারী ইউনিয়ন পরিষদের আনসার ভিডিপি কমান্ডার এনামুল হক, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী ও মামলার তদন্ত কর্মকর্তা পাটগ্রাম থানার এসআই ক্ষীরোদ চন্দ্র বর্মণ, ময়না তদন্তকারী লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গৌতম কুমার বিশ্বাস, হাসপাতালের মর্গ-সহকারী মোহাম্মদ আলী, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ধবলসুতী বিওপি, পাটগ্রামের নায়েব সুবেদার মেজবাহ এবং রফিকুলের লাশের গোসলদানকারীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করে।
বিএসএফ সদস্য কর্তৃক পাথর ছুড়ে রফিকুল ইসলামকে হত্যার বিষয়ে পাটগ্রামে সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অধিকার জানতে পারে, চলতি বছর ২৪ জুলাই ভোর ৫টায় ভারত থেকে গরু নিয়ে সানিয়াজান নদী পার হওয়ার সময়ে ওই নদীর ভারতীয় অংশে নির্মিত ব্রিজের ওপর থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পরে ব্রিজের ওপর তুলে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। বিএসএফের ছোড়া পাথরে দুটি গরুও মারা যায়। প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে অধিকার জানিয়েছে, বিএসএফ শুধু তাকে মেরেই ক্ষান্ত হয়নি, তার লাশ গুম করার লক্ষ্যে নদীতে বাঁশ পুঁতে তাতে বেঁধে রাখে। পরে খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া পাথরের আঘাতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে গিয়েছিল।
রফিকুলের স্ত্রীর বক্তব্য : মোছাম্মত মিনি বেগম অধিকারকে জানান, তার স্বামী একজন ভূমিহীন কৃষক। দুই সন্তান নিয়ে তার অভাবের সংসার। রফিকুল কৃষিকাজের অবসরে সীমান্তের বুড়িমারীর জিরো পয়েন্টে লেবারের কাজ করতেন। চলতি বছর ২৩ জুলাই ৫টায় তার স্বামী বাজার করতে বুড়িমারীবাজারে যান। রফিকুল রাতে আর বাসায় না ফেরায় তিনি তার চাচাতো ভাশুর মো. আবেদার রহমানকে বিষয়টি জানান। আবেদার রহমান তাকে বলেন, রফিকুল গরু আনতে যেতে পারে। ২৪ জুলাই ভোরে তিনি মোবাইল ফোনে রফিকুলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও আবেদার রহমানের সঙ্গে যোগাযোগ করেন। আবেদার রহমান তাকে জানান, ভোরের দিকে তিনি বুড়িমারী বাজারে গিয়ে গরু ব্যবসায়ীদের কাছে শুনেছেন, রাতে অনেকেই ভারত থেকে গরু নিয়ে ফিরলেও রফিকুল ফেরেনি। এছাড়া বাজারে অনেককেই বলাবলি করতে শোনেন, বিএসএফ সদস্যরা রাতে নদী পারাপারকারীদের পাথর ছুড়ে আঘাত করেছে। রফিকুলকেও পাথর ছোড়া হয়েছিল বলে বাজারের অনেকেই আলোচনা করছিলেন।
তারপর আবেদার রহমান রফিকুলের ভাই নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে সীমান্তের বামনদল গ্রামে সানিয়াজান নদীর তীরে যান এবং নদী থেকে রফিকুলের লাশ উদ্ধার করে সকাল সাড়ে ৯টায় বাড়ি আনেন। লাশ বাড়ি আনার পরে পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা লাশ নিয়ে যায়। লাশের ময়নাতদন্ত শেষে ২৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় লাশ বাসায় নিয়ে আসার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লাশের কপালে একটি ক্ষত ছিল, মাথার মগজ বেরিয়ে গিয়েছিল, নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়েছিল।
এসআই, পাটগ্রাম থানা : এসআই ক্ষীরোদ চন্দ্র বর্মণ অধিকারকে বলেন, ২৪ জুলাই দুপুর সোয়া ২টায় উফরমারা গ্রামের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় আসেন এবং বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন (নম্বর-২১, তারিখ-২৪.৭.২০১১; ধারা-৩০২/২০১/৩৪ দণ্ডবিধি)। তিনি নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা। তিনি বিকাল ৩টায় রফিকুলের বাড়ি যান এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। ২৫ জুলাই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে রফিকুলের লাশ হস্তান্তর করা হয়।
ডা. গৌতম কুমার বিশ্বাস : লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গৌতম কুমার বিশ্বাস অধিকারকে বলেন, ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় পাটগ্রাম থানার পুলিশ সদস্যরা রফিকুল নামে এক ব্যক্তির লাশ হাসপাতালে আনেন। তিনি জানতে পারেন, বিএসএফ সদস্যদের পাথরের আঘাতে রফিকুল মারা গেছেন। ২৫ জুলাই সকাল আনুমানিক ১০টায় ডা. মোতাছিব, ডা. মেহেদী মাসুম ও তাকে নিয়ে গঠিত তিন সদস্যের বোর্ড লাশের ময়নাতদন্ত করেন। তিনি জানান, পাথর বা শক্ত কিছু দিয়ে কপালে আঘাত করায় করোটির হার ফেটে গিয়েছিল, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েই রফিকুলের মৃত্যু হয়েছে।

Saturday, 1 October 2011

ফুলবাড়ী সীমান্ত থেকে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ সীমান্ত থেকে দুই বাংলাদেশী যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে। মারধর শেষে গতকাল সকালে ওই দুই যুবককে বিএসএফ জেলহাজতে পাঠিয়েছে। বিজিবি তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার বিদ্যাবাগিশ ঠোস সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৯ এর পাশের ভারতীয় অভ্যন্তরে নগরকুরষা সীমান্তে।
বিজিবি ও দুই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিশ ঠোস গ্রামের কৃষক মোজাহার আলীর ছেলে মজিদুল ইসলাম ও নজির হোসেনের ছেলে হুজুর আলী নামের দুই যুবক বুধবার তাদের বাড়ি থেকে পার্শ্ববর্তী ভারতীয় নগরকুরষা সীমান্তের আত্মীয় জয়নাল পাগলার বাড়িতে দাওয়াত খেতে যায়। জয়নাল পাগলা আটককৃত যুবক হুজুর আলীর আপন চাচা। ওই বাড়িতে বিকাল ৪টায় তারা ভাত খেতে বসে। কোচবিহার জেলার দিনহাটা থানার কুরষাহাট
ক্যাম্পের বিএসএফ তাদের ভাত খাওয়া অবস্থায় ধরে নিয়ে যায়। বিএসএফ সদস্যরা দুই যুবককে ক্যাম্পে নিয়ে মারধর করেছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশী দুই যুবককে ফেরত আনার ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির ফুলবাড়ী গঙ্গারহাট বিওপির নায়েব সুবেদার নিশিকান্ত ও হাবিলদার আইয়ুব আলী জানান, তারা দুই যুবককে ফেরত পেতে পদক্ষেপ নেয়ার আগেই বিএসএফ তাদের জেলহাজতে পাঠিয়েছে। তবে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে তারা বিএসএফকে পত্র দেবেন।